দেশ চ্যানেল ডেস্ক.
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি সংবাদমাধ্যম আজেল(https://english.ajel.sa/saudi-arabia/9w5olsgp0) নিউজের প্রতিবেদনে তাঁদের পরিচয় ও মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বিবেচনামূলক শাস্তি হিসেবে এ রায় দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায়টি বহাল রাখে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সৌদি সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

