মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর লক্ষীতাড়া ভাদরন্ড উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার সঠিক নিয়ম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সুস্থ জীবনযাপনে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক এবং ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. আশরাফুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো প্রয়োজন।
তাঁরা আরও বলেন, খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর কমপক্ষে ২০সেকেন্ড সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি। এ অভ্যাস ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবার ও সমাজকে রোগমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং অন্যদেরও হাত ধোয়ার বিষয়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
আয়োজকেরা জানান, হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ধরনের কর্মসূচি জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

