রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
আজ ২৪ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার দুটি করাত-কল (স-মিল) পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিভাগীয় বন কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স ব্যতিরেকে করাত-কল স্থাপন ও পরিচালনা করছেন। পাশাপাশি রাস্তার পাশে যত্রতত্র কাঠ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাঁরা করাত-কল স্থাপন ও পরিচালনা (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর ১২ ধারা লঙ্ঘন করেন।
উক্ত অপরাধে মোঃ অমিদুল ইসলাম (৫০), পিতা: মোঃ ফায়ার হোসেন, সাং: সোনাপাতিল-কে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং মোঃ শামীম সরদার (৩৯), পিতা: মৃত হাতেম সরদার, সাং: পূর্ব সোনাপাতিল-কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সর্বমোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফরেস্টার মোঃ জাহিদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা সত্যেন সেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থ রক্ষা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

