মোঃ রিপন রেজা, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক বিরোধের জেরে সন্তানদের সামনেই স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮)নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার(২২ নভেম্বর)দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোবারক আদালতে উপস্থিত ছিলেন।মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।আদালত ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ১৫ বছর আগে আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেন আলীর মেয়ে সালেহা বেগমের সঙ্গে মোবারকের বিয়ে হয়।বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন।এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।মামলার বিবরণ অনুযায়ী,২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাতে নিজ ঘরে স্ত্রী সালেহা বেগমকে গলা কেটে হত্যা করেন মোবারক।হত্যাকাণ্ডের পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।এ সময় তাদের ছেলে মেহেদী হাসানের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে সালেহাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে পুলিশকে খবর দেওয়া হয়।
জানা যায়,নিহত সালেহা বেগম জীবিকার প্রয়োজনে সৌদি আরবে অবস্থান করতেন।হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরে আসেন।এ ঘটনায় নিহতের বাবা হাসেন আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোববার এ মামলার রায় ঘোষণা করেন।রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃআব্দুস সামাদ জানান,মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

