রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, বিদ্রোহী চেতনা ও সাংবাদিকতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নজরুল বর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১.৩০ঘটিকায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তাক আহম্মেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সহকারী পরিচালক মোঃ শাহাদত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল এবং ডাঃ নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, গান, সাংবাদিকতা ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। তাঁরা নজরুলের সাহিত্যকর্মে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজ গঠনের যে বার্তা উঠে এসেছে, তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ। তাঁর লেখনী ও সংগীত আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রেরণা জোগায়। নজরুলের জীবন ও আদর্শ চর্চার মাধ্যমে সমাজে সাম্য, সম্প্রীতি ও মানবিক চেতনা বিকশিত করা সম্ভব।

