মাদারীপুর প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী এবং সংসদ সদস্যদের নামে ভুয়া ও জাল সিল-স্বাক্ষর তৈরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সত্যায়িত করার নামে প্রতারণার অভিযোগে কালকিনিতে পাঁচ প্রতারককে আটক করেছে প্রশাসন।
আটককৃতদের মধ্যে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বাসিন্দা ও কালকিনি ‘মাসুম আর্ট’-এর মালিক মাসুমসহ প্রতারক চক্রের আরও চার সদস্য রয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, আটককৃত প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ডাসার ও কালকিনি এলাকায় প্রধানমন্ত্রী, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংসদ সদস্যদের জাল সিল ও ভুয়া স্বাক্ষর তৈরি করে আসছিল। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভুয়া কাগজপত্র সত্যায়িত এবং বিভিন্ন দাপ্তরিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মীর তৌহিদুল ইসলাম, মাসুম মুন্সী, সহ ঘটনার সাথে জড়িত থাকায় এসময় মোঃ ফারুক হোসেন, সাকিব খান ও বকুল মন্ডলকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
তাদের থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের নামে তৈরি বিপুল পরিমাণ জাল সিল,ভুয়া প্যাড এবং জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ও পদবি ব্যবহার করে মারাত্মক অপরাধ সংঘটিত করে আসছিল। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রতারণা চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনের এই সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন ও সাধারণ জনগণ। তারা এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

