খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি থেকে জেলা সদরে আসার পথে লতিবান প্রিন্সিপাল পাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত তানিয়াকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানিয়া মাটিরাঙ্গা উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেন এবং পারভিন সুলতানা দম্পতির মেয়ে।
একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একটি শিশুর অমূল্য জীবন। তানিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
অন্যদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটন কেন্দ্র এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হয়েছেন। আজ দুপুর ১টার দিকে হৃদয় মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজু বিকাশ ত্রিপুরা (৪৫), প্রভা চাঁন ত্রিপুরা (৩২) ও দীপংকর ত্রিপুরা (২৮)। তাঁরা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মেট্রো-গ-১১-৯৩৯২ নম্বরের একটি প্রাইভেটকার সামনে থাকা মোটরসাইকেলটিকে অতিক্রম করার সময় সেটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিনজন সড়কে পড়ে আহত হন।
দুর্ঘটনার পর প্রাইভেটকারচালক মোক্তার হোসেন (৩৯) নিজেই আহতদের উদ্ধার করে দুপুর ১টা ২৫ মিনিটে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেল চালক রাজু বিকাশ ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর নিজ এলাকার উদ্দেশ্যে চলে যান।

