রাসেল কবির (মেহেন্দিগঞ্জ) বরিশাল প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ সদস্যদের ‘ডাকাত’ বলে চিৎকার দিয়ে স্বজনদের সহায়তায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আসামিপক্ষের হামলায় এক উপপরিদর্শক (এসআই)সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাতভর অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া মূল আসামি ও তার ছেলেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকসংক্রান্ত মামলার আসামি হাকিম তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে তার স্বজনরা সহযোগিতা করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের ‘ডাকাত’ বলে চিৎকার করে স্থানীয়দের বিভ্রান্ত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় আসামিপক্ষের হামলায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
পরে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। রাতভর অভিযানের পর মূল আসামি হাকিম তালুকদার (৪৩) এবং তার ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদারকে (১৫) গ্রেপ্তার করা হয়। তারা উপজেলার চরমহিষা গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

