মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাক। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার এশিয়ান হাইওয়ের মিরেরটেক এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুটি যানবাহনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড় নিয়ে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়।খড় আনলোডের অপেক্ষায় চালক ট্রাকটি সড়কের পাশে রেখে হেলপারসহ গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েন।এরপর ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি কিছুক্ষণ আগে ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছেন। খবর পেয়ে চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে সরিয়ে নেন। পরে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে, একই দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় আরেকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরগামী একটি যাত্রীবাহী বাস কাঁচপুর সেতু এলাকায় যাত্রী ওঠানোর জন্য দাঁড়ালে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মুহূর্তের মধ্যেই আগুন বাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
সংবাদ পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকারের সাহায্যে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় হাইওয়ে পুলিশ।কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং রেকারের মাধ্যমে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।এদিকে,একই দিনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে সোনারগাঁ থানা-পুলিশ।

