আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে। লাল ও কালো রঙে লেখা এসব স্লোগান দেখা গেছে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালের সাইনবোর্ড, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ঢাকা-বগুড়া মহাসড়কের সড়ক বিভাজকে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব স্লোগান লেখা দেখা যায়। সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটক এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। এ ছাড়া গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালেও একই স্লোগান দেখা গেছে। উপজেলার নয়া পাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান ফটক এবং মজিবুর রহমান বালিকা স্কুলের প্রধান ফটকের সামনেও স্লোগানটি লেখা হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ডেও একই ধরনের লেখা দেখা যায়। এ ছাড়া ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকায় সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন দেয়ালেও ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। তবে এসব স্লোগান কারা, কখন এবং কী উদ্দেশ্যে লিখেছে, তা জানা যায়নি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে কে বা কারা এসব লিখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। থানা-পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

