মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গওছুল আজম।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও যথার্থতা নিশ্চিত করা এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নির্ভুল হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং কার্যক্রমের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দিতে পারেন।

