মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি থেকে:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল ৪টায় কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের সার্বিক ব্যবস্থাপনায় পানছড়ি বাজার এলাকায় এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর পক্ষে প্রতিনিধিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

