মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” এর উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন রবিবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এএফডব্লিউসি, এনডিসি, পিএসসি, উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান (পিএসসি), খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই কাজী মোস্তফা আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফছার এবং বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন এবং প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং কম্পোস্ট সার উৎপাদনের বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।
এ সময় “বৃক্ষরোপণ অভিযান-২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সারাদেশে চলমান সবুজায়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়।পরবর্তীতে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনানিবাসের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

