বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ মোঃ সেকেন্দার আলী (৫৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০ টায় পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪/২-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শীতলমাঠ গজুর মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক কারবারী মোঃ সেকেন্দার আলীকে হাতেনাতে আটক করা হয়। তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা থানার আমন্ত গ্রামের মৃত আতাম উদ্দিন মন্ডলের ছেলে।
আটককৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ১৪ বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং একটি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

