রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল পশ্চিমপাড়া (বাবার মোড়) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম ওই গ্রামের মোঃ মাঈন উদ্দিনের মেয়ে এবং আশিক মিয়ার স্ত্রী। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি নিজ বাড়ির বারান্দাসংলগ্ন একটি ঘরে কাঠের রুয়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, নিহতের স্বামী আশিক মিয়া একজন প্রবাসী। তিনি তিন দিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রজ্জু করা হয়েছে।অপর দিকে
নলডাঙ্গায় অসুস্থতার কারণে মানসিক চাপে বৃদ্ধের আত্মহত্যা।
নাটোরের নলডাঙ্গায় নিজ বসতঘর থেকে মোঃ আব্দুর রহিম (৬২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত থেকে শনিবার (৭ নভেম্বর) ভোরের কোনো একসময় উপজেলার কালিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আব্দুর রহিম নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ গ্রামের (সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) বাসিন্দা। তিনি মৃত ইসমত মোল্লার ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে মানসিক চাপে তিনি শুক্রবার রাত আনুমানিক ৯টা থেকে শনিবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় নিজ বসতঘরের কাঠের রুয়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।
ঘটনার বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

