রাসেল কবির// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক এলাকায় সুদূর খুলনা থেকে স্ত্রীর খোঁজে এসে শ্বশুরবাড়ির লোকজনের হাতে বেধড়ক মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন জাহিদ নামের এক যুবক। ভুক্তভোগীর অভিযোগ, বাধা অতিক্রম করে স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে অন্যায়ভাবে পিটিয়ে নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয় এবং স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, খুলনার বাসিন্দা জাহিদ তার স্ত্রী লামিয়া খাতুনের (২৫) সাথে দেখা করার উদ্দেশ্যে কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামে শ্বশুর মালেক কাজীর (৫৫) বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে চড়াও হয়। একপর্যায়ে শ্বশুর মালেক কাজীসহ স্থানীয় পরিবারের সদস্যরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় জাহিদের কাছে থাকা প্রয়োজনীয় টাকা-পয়সা ও জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
জাহিদ অভিযোগ করে জানান, শত বাধা ও দূরত্ব অতিক্রম করে স্ত্রীর কাছে আসার পরও তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কোন অপরাধ না থাকা সত্ত্বেও শ্বশুরবাড়ির প্রভাবশালী সদস্যরা তাকে মারধর ও লাঞ্ছিত করে তাড়িয়ে দেয়।
এ ঘটনার পর ভুক্তভোগী যুবক জাহিদ জীবনের নিরাপত্তা এবং ন্যায়বিচারের স্বার্থে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কাজিরহাট থানা প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় আইনি সহায়তার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাজিরহাট থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ বা অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

