মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট কর্মসূচির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের, বিশেষত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পরিচালন ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট ও সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় ইউনিয়নে জনগণের জীবন ও জীবিকায় সৃষ্ট পরিবর্তন ও অর্জন জানতে একটি কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান পাঁড়ইল ইউনিয়ন পরিষদ । বিশেষ অতিথি ছিলেন, একরামুল হক প্রশাসনিক কর্মকর্তা পাঁড়ইল ইউনিয়ন পরিষদ, । সভাপতিত্ব করেন, সাফিউল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক পাঁড়ইল ইউনিয়ন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু বকর সিদ্দিক, সিনিয়র অফিসার জেসি ।
সংলাপে ইউনিয়নের বিভিন্ন, পেশাজীবী, এনজিও, নাগরিক ও সুশীল সমাজ, যুব, নারী, দরিদ্র জনগোষ্ঠী ও ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংলাপে ইউনিয়ন পরিষদের পরিচালন ব্যবস্থা, জনগণের অংশগ্রহণ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্য, নারী অংশগ্রহণ ও ডিজিটাল সেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত সভা, ওয়ার্ড সভা, প্রশিক্ষণ ও জনগণের অংশগ্রহণের ফলে ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। জনগণের চাহিদা ও মতামত ওয়ার্ড সভার মাধ্যমে তুলে ধরার ফলে বিভিন্ন উন্নয়ন কাজ বাজেট ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত হচ্ছে।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন এনজিওর সচেতনতামূলক কার্যক্রমের ফলে পচনশীল ও অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেও অংশগ্রহণকারীরা জানান।
সংলাপে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের কথাও উঠে আসে। আলোচনায় চিহ্নিত পরিবর্তন, অর্জন, আউটকাম ও ইমপ্যাক্ট আউটকাম হার্ভেস্টিং ফরমেটের আলোকে নথিভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে কমিউনিটি সংলাপটি ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।

