জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা প্রশাসন ও লোহাগড়া খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে লোহাগড়া খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার।
এসময় লোহাগড়া উপজেলার কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) কৃপা সিন্দু মন্ডল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল,উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম সহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এ উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ মেট্রিক টন। প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত প্রতি কৃষক ৩হাজার কেজি ধান বিক্রি করতে পারবেন।

