বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বেত্র আমরা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ‘সঞ্জীবন’ প্রকল্পভুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের প্রোফাইল হালনাগাদ এবং ব্যাংক হিসাব খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬ খ্রি.) বেলা ২টায় পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও ভিডিপি, নওগাঁ।
পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাঃ বুলবুলি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ধামইরহাট শাখার কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন এবং পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা মোসাঃ রমিজা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা ‘সঞ্জীবন’ প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব। সদস্যদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই মূলত এই প্রোফাইল আপডেট ও ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত সদস্যদের ব্যাংকের হিসাব খোলার পাশাপাশি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

