ঢাকাFriday , 20 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী রিপন সরকারের সাথে জমি নিয়ে প্রতারণা করায় রুপন কান্তি দাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
November 20, 2026 12:03 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রবাসী রিপন সরকারের নিজ টাকায় কেনা জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে করে নেওয়ার অভিযোগে রুপন কান্তি দাশের বিরুদ্ধে পানছড়িতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী রিপন সরকার ও তার পরিবার।

২০ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় পানছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরেন রিপন সরকার। তিনি পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি সদর ইউপির টিএন্ডটি টিলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম তপন সরকার।

লিখিত বক্তব্যে রিপন সরকার জানান, দীর্ঘ ১৮ বছর প্রবাসে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে দেশে একটি জমি কেনার স্বপ্ন দেখেন তিনি। সেই উদ্দেশ্যে প্রবাসে থাকা অবস্থায় বন্ধু রুপন কান্তি দাশের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার ২৬২ নং গোলাবাড়ি মৌজায় ২ একর ২৫ শতক জমি ক্রয় করেন। এর মধ্যে তাঁর নিজের অংশ ছিল ১ একর ৫০ শতক এবং বন্ধু রুপন কান্তি দাশের অংশ ছিল ৭৫ শতক।

তিনি জানান, জমিটির মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১৮ লাখ টাকা। এর মধ্যে তাঁর অংশের মূল্য ১২ লাখ টাকা এবং বন্ধুর অংশের মূল্য ৬ লাখ টাকা। নিজের অংশের সম্পূর্ণ ১২ লাখ টাকা জমির বায়না ও ক্রয় বাবদ ব্যাংক এবং নগদে পরিশোধ করেন। পাশাপাশি জমির রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার জন্য আরও ২ লাখ ৩৪ হাজার টাকা প্রদান করেন বলে দাবি করেন তিনি।

রিপন সরকারের অভিযোগ, পরবর্তীতে দেশে ফিরে নিজের কেনা জমিতে কাটাতারের বেড়া দিতে গেলে জমির মূল মালিক নবীনা ত্রিপুরা ও কৌশিক চাকমা বাধা দেন। তাঁদের কাছ থেকে জানতে পারেন, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ১০ লাখ টাকা। তাঁর দাবি, জমির মূল্য পরিশোধের পরও নতুন করে ৫০ হাজার টাকা বাকি দাবি করা হয়।

এ ঘটনায় প্রথমে সামাজিকভাবে সমাধানের আশায় সনাতন সমাজ কল্যাণ পরিষদের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সেখানে জমির ক্রয়মূল্য ১০ লাখ টাকা বলে স্বীকার করা হয়। তবে সামাজিকভাবে বিরোধের সমাধান না হওয়ায় তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে লিগ্যাল নোটিশ পাঠানোর পাশাপাশি আদালতে মামলা করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ওপর অর্পণ করা হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিপন সরকার আরও অভিযোগ করেন, পরবর্তীতে তাঁর বন্ধুর নিজের অংশের ৭৫ শতক জমি কেনার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়। অন্যত্র কোনো প্রভাবশালীর কাছে জমিটি বিক্রি করে তাঁর সঙ্গে বিরোধ তৈরির হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরিস্থিতির কারণে ওই জমি কিনতে রাজি হলে তাঁর কাছে আরও ৭ লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে তিনি ৩ লাখ টাকা পরিশোধ করেছেন এবং অবশিষ্ট ৪ লাখ টাকা পরিশোধের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

পরিশোধিত অর্থের হিসাব তুলে ধরে রিপন সরকার জানান, জমি ক্রয় বাবদ ১২ লাখ টাকা, জমির রক্ষণাবেক্ষণ বাবদ ২ লাখ ৩৪ হাজার টাকা, ৭৫ শতক জমি হস্তান্তর বাবদ ৩ লাখ টাকা। সর্বমোট পরিশোধিত অর্থ ১৭ লাখ ৩৪ হাজার টাকা। এর মধ্যে ১ একর ৫০ শতকের মুল্য বাবদ ১০ লাখ টাকা বাদ দিয়ে আরো ৭ লাখ ৩৪ হাজার টাকা না দিয়ে বিভিন্নভাবে হুমকি এবং হয়রানি করছেন অভিযুক্ত রুপন দাশ।

রিপন সরকারের দাবি, দীর্ঘ প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনেও এখন তিনি নানামুখী চাপ ও বিরোধের মুখে পড়েছেন। তিনি কারও সঙ্গে বিরোধ বা প্রতিহিংসায় জড়াতে চান না; বরং নিজের অর্থের সঠিক হিসাব এবং জমির বৈধ মালিকানা নিশ্চিত করতে চান।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্যের মাধ্যমে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— জমির প্রকৃত ক্রয়মূল্য, দলিল ও মালিকানা নিরপেক্ষভাবে তদন্ত করা; তাঁর পরিশোধিত ১৭ লাখ ৩৪ হাজার টাকার হিসাব যাচাই করা; অবশিষ্ট ৪ লাখ টাকা পরিশোধের জন্য তাঁর ওপর সৃষ্ট চাপ ও হুমকির বিষয়টি খতিয়ে দেখা এবং মামলাটির নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাংক লেনদেনের বিবরণ, অর্থ পরিশোধের প্রমাণপত্র, জমির দলিল এবং আদালতের কাগজপত্র সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রিপন সরকার বলেন, তিনি কোনো বিশেষ সুবিধা চান না। ১৮ বছরের প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থের সঠিক হিসাব, জমির বৈধ মালিকানা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারই তাঁর প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST