আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেড়া উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্র শিবিরের শত শত নেতাকর্মীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি’ এবং ‘আঁধার পেরিয়ে এসেছে দিন বদলের ডাক’ সংবলিত স্লোগান পরিলক্ষিত হয়।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির এদেশের ছাত্রসমাজের চারিত্রিক ও নৈতিক মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিবির কখনো গুপ্ত সংগঠন ছিলো না। কঠিন সময়েও শিবির রাজপথে দেশ ও জাতির কল্যাণের স্বার্থে সাহসী ভুমিকা পালন করেছে।
একটি জ্ঞাননির্ভর ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে মেধাবী ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রশিবির সবসময় পাহারাদারের ভূমিকা পালন করেছে এবং আগামীতেও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

