মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী কাপ পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার ১১ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাপ পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে—এমন তথ্য পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের জালাল উদ্দীন আকন্দ এর ছেলে জাহাঙ্গীর আলম (৬৫), একই উপজেলার চরসগুনা গ্রামের বাসিন্দার আব্দুস আজিজ এর ছেলে মো. জহুরুল ইসলাম (৫৮) এবং একই এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে মেহেদী হাসান (২৫),
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে তাদের সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে এবং কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পান, তারা স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর কাপ পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা দিচ্ছেন।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
পরে খবর পেয়ে ফাড়ীঁ থানার ইনচার্জ জিয়াউল ইসলাম, মাদারগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এবং বিজিবিসহ মাদারগঞ্জ সার্কেল (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে বকশিগঞ্জের সিভিল জজ জামালপুর-৩ আসনে ম্যাজিষ্টেট আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনী আচরণ বিধি ২০২৬ এর ৪ ধারায় আটক তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

