বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ।
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার জগদল বৌদ্ধবিহার সংলগ্ন এলাকা থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ২৭১ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদল বৌদ্ধবিহারের সামনের পাঁকা রাস্তায় মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ (অফিসার্স চয়েস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ ও চোরাচালান দমনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

