ঢাকাFriday , 5 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বেড়েছে জার্সি ও ফুটবল সামগ্রীর বিক্রি বিশ্বকাপ উন্মাদনা।

Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে খুলনায় শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের ব্যাপক উন্মাদনা। প্রিয় দলের জার্সি, পতাকা ও ফুটবল সামগ্রী কিনতে প্রতিদিনই ভিড় করছেন ক্রীড়াপ্রেমীরা। ফলে নগরীর খেলাধুলা মার্কেটসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বেড়েছে বিক্রি।

খুলনার ঐতিহ্যবাহী খেলাধুলা মার্কেটের রয়েল স্পোর্টস দোকানের মালিক বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে জার্সির চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিদিন অন্তত ৫০টির বেশি জার্সি বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সি। এরপর রয়েছে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের জার্সি। আগের তুলনায় কেনাবেচা অনেক বেড়েছে। বিশ্বকাপ চলাকালীন দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।’

জার্সি কিনতে আসা যুবক তালহা হোসেন বলেন, ‘আমি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ৩ তারকা জার্সি না কিনলে যেন মান-সম্মানই থাকে না। তাই বন্ধুদের নিয়ে আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের জার্সি কিনতে এসেছি। বিশ্বকাপ চলাকালে প্রতিদিনই ফুটবল খেলব। প্রিয় দলের জার্সি পরে খেলতে চাই।’

খুলনার খেলাধুলা মার্কেট ঘুরে দেখা গেছে, দেশীয় মানের হাফস্লিভ জার্সি ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। প্লেয়ার এডিশন জার্সির দাম রাখা হচ্ছে প্রায় ১ হাজার ৩০০ টাকা। এছাড়া জার্সি শর্টস ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। শিশুদের দেশীয় মানের জার্সি সাইজভেদে ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু জার্সিই নয়, বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল ও ফুটবল খেলার অন্যান্য সামগ্রীর চাহিদাও বেড়েছে। বিক্রেতারা জানান, বিভিন্ন বয়সী ক্রেতারা ফুটবল, বুট, শিনগার্ডসহ অন্যান্য ক্রীড়া সরঞ্জাম কিনছেন।

খুলনার খেলাধুলা মার্কেট ছাড়াও নগরীর বিভিন্ন ফ্যাশন হাউজ, বড় বাজার এবং অস্থায়ী ভ্যানগুলোতেও বিশ্বকাপের জার্সি বিক্রি হচ্ছে। একইসঙ্গে বেড়েছে বিভিন্ন দেশের পতাকার চাহিদা। বিক্রেতাদের ধারণা, বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, জার্সি ও পতাকার বাজার ততই জমে উঠবে।

বিশ্বকাপকে ঘিরে খুলনার ক্রীড়াপ্রেমীদের এই উচ্ছ্বাস ইতোমধ্যে শহরের বাজারগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। ব্যবসায়ীরাও আশা করছেন, সামনের দিনগুলোতে বিক্রি আরও বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST