মোঃ রিপন রেজা, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ,ঝটিকা মিছিল এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক দুটি মামলা করেছে সোনারগাঁ থানা পুলিশ।সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মোট ২৫৭ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার কাঁচপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় একটি খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার ও শনিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দুটি দায়ের করা হয়।দুই মামলায় ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।শুক্রবার রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে প্রথম মামলাটি দায়ের করেন। এ মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।এজাহারে নাম থাকা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মোঃজসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।অন্যদিকে,শনিবার রাতে থানার উপপরিদর্শক(এসআই)হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি দায়ের করেন। এ মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।দ্বিতীয় মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ,মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের আরো কয়েকজন নেতাকর্মী।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহম্মদ আব্দুল বারিক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

