মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
১১ জুন বৃহস্পতিবার উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
পানছড়ি উপজেলা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় পানছড়ি উপজেলায় মোট ১৫৯ মেট্রিক টন ধান এবং ১৫৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৮ টাকা দরে কৃষক ও মিলারদের কাছ থেকে ক্রয় করা হবে। উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, নির্ধারিত গুণগত মান যাচাই-বাছাইয়ের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সালাম, উপজেলা খাদ্য কর্মকর্তা রুপময় চাকমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলীসহ স্থানীয় মিলার, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকের তালিকা অনুসারে গুনগত মান দেখে ধান ও চাল সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এর মাঝে একাশি জন কৃষকের তালিকা হাতে এসেছে। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে।

