মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি :
টানা বর্ষনে পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের একটি অংশ ধসে পড়েছে। আজ শনিবার সকালে পানছড়ি ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশের পুকুরের কিনার ঘেঁষে সড়কের একাংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, বৃষ্টিভেজা সকালেও সড়কটি স্বাভাবিক ছিল। তবে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পুকুরপাড় সংলগ্ন অংশে ধ্বস দেখা দেয়। পরে ধ্বসের পরিধি বাড়তে শুরু করলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশংকা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং দ্রুত ব্যবস্থা নেয়া না হলে যেকোনো সময় আরও বড় ধরনের ধস নেমে পানছড়ির সঙ্গে খাগড়াছড়ি সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
খবর পেয়ে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থল পরিদর্শনে যান পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। পরিদর্শন শেষে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে যাওয়ার মূল সড়কটি গতকালও এমন ছিল না। আজ সকাল থেকে টানা বৃষ্টির কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। যেহেতু এটি সড়ক ও জনপথ বিভাগের অধীন, তাই খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলব এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করব, যাতে দ্রুত সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া যায়।”
এদিকে স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি মেরামতের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

