মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে খাগড়াছড়ি পৌর টাউন হলে খাগড়াছড়ি জেলার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পাহাড়ে শান্তি -সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, মং সার্কেল চিফ রাজা সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।
প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে যুবসমাজের শক্তিকে কাজে লাগাতে হবে। এ অঞ্চলের তরুণরাই পাহাড়ের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে ধরে রাখা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে মাদক, সহিংসতা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা, প্রশিক্ষণ, খেলাধুলা এবং উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে হবে। পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের তরুণদের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
সভায় যুবসমাজের মতামত ও পরামর্শের ভিত্তিতে তাদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পাহাড়ের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

