জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে চলতি বছরে ৩৯টি সেচ মটর ও ভ্যানের মটর চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওয়ার্ড মেম্বারের ভাতিজা শাওন খান শনাক্ত হওয়ার পর সালিশে বিচারের আশ্বাস দিয়েও বিচার না করে উল্টো হুমকি, মারপিটের চেষ্টা এবং ৩০ বছরের পুরাতন গ্রাম্য রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আঃ আলিম খান বুধবার লোহাগড়া থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুন চর পাচাইল গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে মোঃ সাফায়েত হোসেনের বসতঘরের টিন খুলে ১টি মটর ও ২টি সিলিং ফ্যান চুরি হয়। এ ঘটনায় সাফায়েত হোসেন ২০ জুন লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, তদন্তের এক পর্যায়ে ০৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ ফায়েক আলী খানের আপন ভাতিজা ও মৃত রিফায়েক খানের ছেলে মোঃ শাওন খান চোর হিসাবে শনাক্ত হয়। পরে চৌরঙ্গী বাজার এলাকায় গ্রাম্য সালিশ বসলে মেম্বার বিচার করবেন বলে ১ দিনের সময় নেন।
কিন্তু ১০ দিন অতিবাহিত হলেও বিচার না হওয়ায় মেম্বারের নির্দেশে কিশোর গ্যাং সদস্যরা ২৮ জুন বেলা ৯টার দিকে চর পাচাইল খেয়াঘাটস্থ মুদি দোকানে আঃ আলিম খানকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিটের চেষ্টা ও খুন-জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের সবচেয়ে গুরুতর অংশ হলো, বিবাদীরা গত ৩০ জুন ১৫টি পরিবারের প্রায় ৩০ বছরের চলাচলের একমাত্র গ্রাম্য পথটি বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে ওই ১৫টি পরিবার সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছে।
এ বিষয়ে আঃ আলিম খান বলেন, “মেম্বারের ভাতিজা চুরির সাথে জড়িত প্রমাণ হওয়ার পর তিনি বিচার না করে আমাদের উপরেই হামলা করাচ্ছেন। এখন রাস্তা বন্ধ করে আমাদের চলাচল বন্ধ করে দিয়েছে। আমি লোহাগড়া থানা অফিসার ইনচার্জ ও ইউএনও সাহেবের কাছে সুষ্ঠু তদন্ত ও রাস্তা খুলে দেওয়ার দাবি জানাই।”
উল্লেখিত বিষয়ে মেম্বার মোঃ ফায়েক আলী খানের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। রাস্তার বিষয়টি রাতে কথা বলে মিমাংসার চেষ্টা করবো।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বলেন, “সাফায়েত হোসেনের চুরির অভিযোগটি আমরা তদন্ত করছি। আঃ আলিম খানের অভিযোগটিও আমাদের কাছে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার ভুমি সুস্মিতা বালা বলেন বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা কে সরোজমিনে পাঠিয়েছি আগামীকাল দুই পক্ষকে নিয়ে বসবো। আইনগত ব্যবস্থা নিবো।

