বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোরশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা মোছা. রোজিনা পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাহমুদা পারভীন, সমবায় কর্মকর্তা মো. সামছুল আলম এবং ‘দি হাংগার প্রজেক্ট’-এর এলাকা সমন্বয়কারী মো. আসির উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মী বা সফল উদ্যোক্তা হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ঘুরে দাঁড়ানো সফল উদ্যোক্তা আতিকুর রহমান এবং সুবিধাভোগী সুরভি দাস ও চিরনজিত হালদার তাঁদের সফলতার গল্প তুলে ধরে অন্যদের অনুপ্রাণিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক যুবসমাজকে দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সহায়তামূলক কার্যক্রম তুলে ধরেন। পরিশেষে, সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

