মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি :
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থীর মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
বিজিবি জোন অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে বিজিবি। পার্বত্য অঞ্চলের শিক্ষা, উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের কল্যাণে বিজিবির এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

