মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
“কৃষিই সমৃদ্ধি, করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করব বারো মাস” এ প্রতিপাদ্যে ফলচাষে কৃষকদের উৎসাহিত করতে এবং পুষ্টি চাহিদা পূরণে ফলের গুরুত্ব তুলে ধরতে পানছড়িতে “জাতীয় ফল মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন দেশি- বিদেশি ফলের প্রদর্শনী স্টল বসে। টেবিলে সাজানো ফল হাতে নিয়ে অতিথিরা কৃষকদের উদ্ভাবনী জাত পরিদর্শন করেন।
মেলায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, কৃষিবিদ মোঃ ইব্রাহিম খলিল, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “কৃষিই সমৃদ্ধি” এই মূলমন্ত্র ধারণ করে আমাদের ফলচাষ বাড়াতে হবে। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন করে কৃষক যেন অর্থনৈতিকভাবে লাভবান হয় এবং ভোক্তা যেন সারাবছর ফল সংরক্ষণের কৌশল শেখে—সেটাই এ মেলার মূল লক্ষ্য। তিনি কৃষকদের মানসম্পন্ন চারা ব্যবহার ও ফল সংরক্ষণে আধুনিক প্রযুক্তি গ্রহণের পরামর্শ দেন।
কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, পানছড়ির মাটি ফলচাষের জন্য অত্যন্ত উপযোগী। মেলায় প্রদর্শিত উন্নত জাতের আম, কাঁঠাল ও অন্যান্য ফল চাষে কৃষকরা আরও আগ্রহী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

