সুলাইমান পোদ্দার ষ্টাফ রিপোর্টার (ভোলা)
ভোলার তজুমদ্দিনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুশীলনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব কবির।
মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সজিব রহমান সভাটি সঞ্চালনা করেন। সহ-সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রকল্পের ট্রেনিং ও মনিটরিং অফিসার মারুফা সুলতানা।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও বাস্তবায়ন বিষয়ে উপস্থাপনা করা হয়। এতে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা, জীবনদক্ষতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সামাজিক কুসংস্কার, দারিদ্র্য ও অসচেতনতার কারণে অনেক মা ও শিশু প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। বাল্যবিবাহ ও শিশুদের ওপর শারীরিক-মানসিক নির্যাতন বন্ধে পরিবার, সমাজ, প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় গর্ভকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা গ্রহণ, শিশুদের জন্মনিবন্ধন, সরকারি সেবার সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় অভিযোগ প্রতিকারব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

