মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের সঙ্গে জেলা এবং উপজেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট সোমবার দুপুর ১২টায় পরিষদের হলরুমে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, সদস্য মো. নুরুল আবছার, মোশাররফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজুসহ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
এ সময় জেলার স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতের সমস্যা, অনিয়ম, দুর্নীতি এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা খাতের সমস্যা, কৃষির সম্ভাবনা ও প্রতিবন্ধকতাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জেলার উন্নয়ন ও সম্ভাবনাগুলো কাজে লাগাতে পরিষদের কার্যক্রমে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে মতামত দেন তারা।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, নতুন পরিষদকে কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলার সব জনগণের জন্য কাজ করাসহ জনগণের সেবা নিশ্চিত করতে পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে জেলার বিভিন্ন সমস্যা ও বাস্তব পরিস্থিতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি পরিষদের কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।

