মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি থেকে:
খাগড়াছড়ি জেলার পানছড়ি কেস্টমনিপাড়া দুর্গম এলাকা হওয়ায় স্বাস্থ্য সেবায় এলাকাটি অনেক পিছিয়ে। দুর্গম পাহাড়ি এলাকা বিধায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকিৎসা সেবা নিতে আসা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে, তাই পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোন দুর্গম কেস্টমনিপাড়া এলাকাবাসীর মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
১৬মে শনিবার সকালে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলামের দিক নির্দেশনায় কেস্টমনিপাড়া এলাকার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ (পুরুষ, নারী ও শিশুসহ) জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি)’র মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক। চিকিৎসা নিতে আসা সকলেই এ চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

