মোঃ মাসুম উদ্দিন:- খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলায় প্রতিষ্ঠিত রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে একই শ্রেণির ৭২ জন সহপাঠী দিয়ে থাপড়ানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক নাঈমুল হকের বিরুদ্ধে।
১ অক্টোবর রোজ বৃহস্পতিবার শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে, সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেরাজ জিসান বিদ্যালয়ের বাইরে শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে—এমন অভিযোগ ওঠে। একই শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত অন্য শ্রেণির এক ছেলে শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে—এমন অভিযোগ ওঠে তবে এর সত্যতা পাওয়া যায়নি।
এর পরদিন বৃহস্পতিবার শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে শাস্তি হিসেবে শিক্ষক নাঈমুল হকের নির্দেশে এক এক করে ৭২ জন সহপাঠী দিয়ে গালে থাপড়ানো হয়।
এ ঘটনায় সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক নাঈমুল হক নিজের ভুল স্বীকার করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য তিনি দুঃখিত,উর্ধধন কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে সুষ্ঠু বিচারের সিদ্ধান্ত নিবেন বলে প্রতিবেদককে জানান।
ঘটনাটি নিয়ে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

